গাড়ি বেঁচে ২ কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকা পেলো ইভ্যালি

১০ ফেব্রুয়ারি, ২০২২ ১৫:০৭  
আদালতের নির্দেশনায় উন্মুক্ত নিলামে সাতটি গাড়ি বিক্রি করে মোট দুই কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকা পেলো আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির সোবহানবাগে ইভ্যালির কার্যালয়ের পাশের ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নিলামে মোট সাতটি চালু গাড়ি তোলা হয়। সাতটি গাড়ির মধ্যে সবচেয়ে দামি গাড়ি ছিলো প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের ব্যবহার করা রেঞ্জ রোভার। গাড়িটি নিলামে কিনে নিয়েছেন প্রকৌশলী হাবিবুর রহমান। ১৫ জনের ডাক টপকে তিনি ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গাড়িটি কিনে নেন। গাড়িটির নম্বর: ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮। রেজি. সন জুন ২০২০। রেঞ্জ রোভার। ব্র্যান্ড-ল্যান্ড রোভার। তৈরি সন ২০২০। গাড়িটির ন্যূনতম নিলাম মূল্য ধরা হয়েছিল ১ কোটি ৬০ লাখ টাকা। ন্যূনতম নিলাম মূল্যের প্রায় ২০ লাখ বেশি দামে গাড়িটি বিক্রি হলো। নিলামে দেখা যায়, প্রথম নিলামে তোলা হয় ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮ (রেঞ্জ রোভার) গাড়িটি। প্রতি ডাকে প্রথমে ঊর্ধ্ব মূল্য ধরা হয় ২০ হাজার টাকা। পরে তা করা হয় ১ লাখ টাকা। উন্মুক্ত ডাকে গাড়িটির সর্বোচ্চ দরদাতা হন প্রকৌশলী হাবিবুর রহমান (আইডি-০৩৮)। তিনি গাড়িটি ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা ডাকে কিনে নেন। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হন ৪৯ নম্বর আইডির শেখ শফিউল আলম। তিনি গাড়িটির জন্য ১ কোটি ৮১ লাখ টাকা দর হেঁকেছিলেন। নিলাম শেষে ইভ্যালির পরিচালনা পরিষদ বোর্ডের চেয়ারম্যান বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জানান, পাওনাদারদের পাওনা পরিশোধ করতে ভবিষ্যতে আরও নিলাম ডাকা হবে। নিলামে টয়োটা প্রিউস প্রাইভেটকারটি বিক্রি হয়েছে ১৭ লাখ ৩০ হাজার টাকায়। মোহাম্মদ রিপন ইসলাম নামে এক ক্রেতা এ দর দিয়ে গাড়িটি কেনেন। এছাড়া টয়োটা সিএইচআর মডেলের গাড়িটির সর্বোচ্চ দাম ২৩ লাখ ৮০ হাজার টাকায় কিনে নেন প্রশান্ত ভৌমিক। ১৫ লাখ টাকায় এক্সিও মডেলের দ্বিতীয় গাড়িটিও কিনেছেন তিনি। টয়োটা এক্সিও মডেলের প্রথম গাড়িটি বিক্রি হয়েছে ১৫ লাখ ৩৫ হাজার টাকায়। আবুল হাসনাত রাসেল নামে এক ক্রেতা গাড়িটি নিলামে সর্বোচ্চ এ দর হাকিয়ে কিনেছেন। অপরদিকে হোন্ডা ভেসেল গাড়িটির নিলামে সর্বোচ্চ ১৭ লাখ ৬০ হাজার টাকায় কিনেছেন নিলামের একমাত্র মেয়ে ক্রেতা কানিজ ফাতিমা। নিলামে সর্বশেষ উঠে ইভ্যালির টয়োটা ব্র্যান্ডের মাইক্রোবাসটি। সর্বোচ্চ মূল্য ২০ লাখ টাকায় গাড়িটি কেনেন মোহাম্মদ রিয়াজ উদ্দিন নামে এক ক্রেতা। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নিলামের তত্ত্বাবধান করেন হাইকোর্টের একজন উপরেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রার।